সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার (ছবি) নামের এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত আটটার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার সাতক্ষীরা জেলা জজ আদালতের আইনজীবী এবং রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে তিনি বাড়ির সামনের আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি ও আইনজীবী ফাহিমুল প্রথম আলোকে বলেন, বাড়ির সামনে বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুর রহমান বলেন, রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরিবারের আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ