জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদ-এর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। রোববার (১৭ মে) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের পর ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস দীর্ঘ। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে জনগণ বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে।
এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছে বলে তিনি মনে করেন।
বৈঠকে উভয়পক্ষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, আন্তঃসংসদীয় সম্পর্ক জোরদার, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, মানবাধিকার এবং জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন :
অদক্ষ চালক ও ফিটনেসহীন যানেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী
এছাড়া স্পিকার আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়ে ফ্রান্সের সমর্থন কামনা করেন।
বৈঠকে ফরাসি দূতাবাসের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ