রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো অদক্ষ চালক ও ফিটনেসহীন যানবাহন। তিনি জানান, প্রতিবছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বা আহত হচ্ছেন চালকদের অদক্ষতা ও যানবাহনের ত্রুটির কারণে।
রোববার (১৭ মে) রাজবাড়ী পৌর মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক সভা ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, চোখ ও রক্তচাপ পরীক্ষা, মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারসহ জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৫৫টি পরিবারের মাঝে ২ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, চালক, মালিক ও সাধারণ জনগণের সচেতনতাও জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে তারা মত দেন।
হাফিজ/ আয়না নিউজ