| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামে শিশুমৃত্যুর জন্য দায়ী পুষ্টিহীনতা : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 123542 বার পঠিত
হামে শিশুমৃত্যুর জন্য দায়ী পুষ্টিহীনতা : স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশু মৃত্যুর পেছনে অন্যতম বড় কারণ হলো অপুষ্টি। যেসব শিশু অপুষ্টিতে ভোগে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হামসহ নানা জটিল রোগে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায় বলে মন্তব্য করেছেন,স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত হাম ও ডেঙ্গুবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টির ঘাটতির কারণে হামে আক্রান্ত শিশুরা দ্রুত নিউমোনিয়াসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের যথাযথ আইসোলেশন নিশ্চিত করা না যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। নানা সমস্যার কারণে এবার হাম দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চাপে ফেলেছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মহাখালী ক্যানসার হাসপাতাল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি পিআইসিইউ চালু করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

অদক্ষ চালক ও ফিটনেসহীন যানেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম আরও কার্যকর করতে ড্যাবের পক্ষ থেকে দ্রুত একটি ‘ন্যাশনাল গাইডলাইন’ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে যোগ্য ও আদর্শিক চিকিৎসকদের নেতৃত্বে আনার আহ্বান জানান তারা।

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম আহমেদ। এছাড়া বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক এ কে এম খালেকুজ্জামানসহ অন্যান্য নেতারা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪