হাবিবুল্লাহ মীর, রূপগঞ্জ : নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
বিশেষ করে রূপগঞ্জ উপজেলায় প্রবাসীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্পদকে লক্ষ্য করে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, কিছু এলাকায় সংঘবদ্ধ ডাকাতচক্র সক্রিয় রয়েছে, যারা অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করছে। পাশাপাশি ঢাকা–সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে বলে জানা যায়।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে যাত্রীদের আটকিয়ে লুটপাটের অভিযোগও উঠেছে। বাধা দিলে হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
অন্যদিকে রাজনৈতিক ও গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সামান্য বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনাও ঘটছে, যেখানে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়। সম্প্রতি বিভিন্ন এলাকায় লাশ উদ্ধারের ঘটনাও জনমনে আতঙ্ক আরও বাড়িয়েছে।
রূপগঞ্জের চনপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা নিতে হয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ-এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, অপরাধ তদন্ত ও নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এইচ. এম. সাজ্জাদ হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের অব্যাহত অভিযান চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
হাবিবুল্লাহ/ হাফিজ/ আয়না নিউজ