মেহেদী মাসুম, লক্ষ্মীপুর: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুরের বিভিন্ন পশুর হাটে কোরবানির পশুর ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারি ও বিক্রেতারা তাদের লালন-পালন করা গরু-ছাগল হাটে তুলতে শুরু করায় কোরবানির বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জেলার অন্যতম বড় পশুর হাট মোল্লার হাট গরুর বাজারে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার উপস্থিতি থাকলেও কাঙ্ক্ষিত বেচাকেনা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কেউই। বাজারে পশুর সরবরাহ বেশি হলেও দাম নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ।
বিক্রেতারা জানান, গোখাদ্য, ভুসি, খৈল ও পশুর ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গরু ও ছাগল পালনের খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে সেই তুলনায় বাজারে পশুর দাম না পাওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। অনেকের মতে, বর্তমান দামে বিক্রি করলে উৎপাদন খরচও উঠছে না।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাজারে পশুর সংখ্যা বেশি থাকলেও বিক্রেতারা তুলনামূলকভাবে উচ্চ দাম হাঁকছেন। এ কারণে অনেকেই এখনই পশু না কিনে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
হাট সংশ্লিষ্টদের ধারণা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাজারে বেচাকেনা বাড়বে এবং শেষ সময়ে কোরবানির পশুর বাজার আরও জমজমাট হয়ে উঠবে।
মেহেদী/ হাফিজ/ আয়না নিউজ