রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা ও মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও অফিসগামী যাত্রীরা।
রোববার (১৭ মে) ভোর থেকেই ঢাকার আকাশ ঘন মেঘে ছেয়ে যায়। পরে শুরু হয় ভারী বর্ষণ। সকাল ৬টা পর্যন্ত টানা বৃষ্টির পর কিছু সময় বিরতি দিয়ে আবারও সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজধানীর নিচু এলাকাগুলোতে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
বৃষ্টির কারণে অনেক এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে অফিস টাইমে রাস্তায় বের হওয়া মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর ১টার মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হাফিজ /আয়না নিউজ