বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ রক্ষায় সরকার সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
শনিবার (১৬ মে) বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের অধিকার, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সব ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তি সম্পাদন করছে।
মির্জা ফখরুল আরও বলেন, সরকার উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার পক্ষে থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করেই আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন :
জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা সহজ করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় তিনি সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহবান জানান এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
হাফিজ/ আয়না নিউজ