সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগে কেউ অপরাধ করলে পেশা বা পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষাই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমাজে চাঁদাবাজি, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। বিশেষ করে অনলাইন জুয়া ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
সুন্দরবনের জলদস্যু দমনেও সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এছাড়া সাতক্ষীরায় মামলা বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় উল্লেখ করেন নবাগত পুলিশ সুপার।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ