| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের, মোটরসাইকেল দুর্ঘটনায় করুণ মৃত্যু

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 127938 বার পঠিত
সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের, মোটরসাইকেল দুর্ঘটনায় করুণ মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার মা তারিন আক্তার। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শিশুটিও পরে হাসপাতালে নেয়ার পর মারা যায়।

শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে দুই বছরের সন্তান ইয়াসাকে নিয়ে ভাটিয়ারীর একটি মেলায় গিয়েছিলেন তারিন আক্তার। ফেরার পথে শিশুটিকে মাঝখানে রেখে মোটরসাইকেলে বসে তারা বাসার দিকে যাচ্ছিলেন।

একপর্যায়ে অসাবধানতাবশত শিশু ইয়াসা মোটরসাইকেল থেকে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মা তারিন আক্তারও সড়কে নেমে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।

ঘটনাস্থলেই তারিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, “তারিন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ হক জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কাভার্ডভ্যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। চালককে শনাক্তে অভিযান চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪