রাজধানীতে পৃথক অভিযানে জাল টাকার চক্র ও সাইবার প্রতারণার সঙ্গে জড়িত দুইটি সংঘবদ্ধ চক্রের মোট ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে জাল নোট তৈরির চক্রের তিন সদস্য এবং অনলাইন জুয়া ও সাইবার প্রতারণায় জড়িত ছয় চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।
তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা একটি জাল নোট চক্রের তিন সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অন্যদিকে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের পৃথক অভিযানে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছয় চীনা নাগরিককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন :
দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
পুলিশের দাবি অনুযায়ী, গ্রেফতাররা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘবদ্ধভাবে সাইবার অপরাধ পরিচালনা করে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জাল নোট ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ