সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
মামলার নথি ও প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা চলছে।
প্রসিকিউশন জানায়, ওই সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন ডা. দীপু মনি। অভিযোগ অনুযায়ী, তিনি ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বক্তব্য দেন। একই সঙ্গে একাত্তর টেলিভিশনে ওই ঘটনার প্রচারণা ও উপস্থাপনা নিয়ে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়।
আরও পড়ুন :
ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু
শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেন।
এর আগে একই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ মোট ছয়জন কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট আরও ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান।
হাফিজ/ আয়না নিউজ