| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫০ ওভারে ৮২২ রান, ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় স্করপিয়ন্সের

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 723 বার পঠিত
৫০ ওভারে ৮২২ রান, ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় স্করপিয়ন্সের

ঘরোয়া ক্রিকেটে রানের ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে আলোচনার জন্ম দিয়েছে জিম্বাবুয়ের স্করপিয়ন্স ক্রিকেট ক্লাব। ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৮২২ রান। এরপর ৮২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষ মিথেন লায়ন্স গুটিয়ে যায় মাত্র ২৮ রানে। ফলে ম্যাচটি শেষ হয় ৭৯৪ রানের রেকর্ড ব্যবধানে।

জিম্বাবুয়ের স্থানীয় এক ঘরোয়া টুর্নামেন্টের এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় স্করপিয়ন্স। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেন ওপেনাররা। পাওয়ার হিটিং আর ধারাবাহিক চার–ছক্কার মিছিলে দ্রুতই বড় স্কোরের ভিত গড়ে ওঠে।

দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেন তাকুন্ডা মাদেম্বো। ১৪৩ বলে তিনি করেন ৩০২ রান, ইনিংসটি সাজান ৫০টি চার ও ৭টি ছক্কায়। অপর ওপেনার উইনফেড মাতেন্ডে মাত্র ৭৫ বলে ২০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ২৩টি চার ও ১৩টি ছক্কা। ওপেনিং জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্করপিয়ন্স।

মিডল অর্ডারেও থামেনি রান তোলার গতি। ভিনসেন্টে মোয়ো ৩৯ বলে ৭৮ রান করেন, আর গ্যাব্রিয়েল জায়া ৪৯ বলে ১১০ রানে অপরাজিত থাকেন। তাদের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ৫০ ওভার শেষে স্করপিয়ন্সের সংগ্রহ দাঁড়ায় ৮২২ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মিথেন লায়ন্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা মাত্র ২৮ রানে অলআউট হয়।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ম্যাচটি লিস্ট ‘এ’ বা স্বীকৃত পেশাদার একদিনের ম্যাচের অন্তর্ভুক্ত নয়। ফলে এই পরিসংখ্যান আন্তর্জাতিক রেকর্ডের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য নয়। তবুও এক ইনিংসে ৮০০ রানের বেশি দলীয় সংগ্রহ এবং ৭৯৪ রানের ব্যবধান—ঘরোয়া ক্রিকেটে বিরল এক কীর্তি হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাচটি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪