ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিদেশি ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে দর্শক হিসেবে অংশ নিতে যাওয়া টিকিটধারীদের জন্য বহুল আলোচিত ভিসা বন্ড নীতি শিথিল করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপের অফিসিয়াল টিকিটধারী সমর্থকদের ক্ষেত্রে ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য ভিসা বন্ড জমা দেওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না। ফলে বৈধ টিকিটধারীরা এখন আগের তুলনায় সহজ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
এর আগে ট্রাম্প প্রশাসনের সময় চালু করা এই নীতির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভিসার জন্য উচ্চ অঙ্কের জামানত দিতে হতো। উদ্দেশ্য ছিল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধ অবস্থান কমানো এবং অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করা। তবে নতুন সিদ্ধান্তে বিশ্বকাপকে কেন্দ্র করে সেই নিয়ম আংশিকভাবে স্থগিত করা হলো।
মার্কিন প্রশাসন জানিয়েছে, ফিফা টিকিটধারী দর্শকদের জন্য এই ছাড় নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে। যারা ফিফার অফিসিয়াল টিকিটিং ব্যবস্থার মাধ্যমে ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারাই এই সুবিধার আওতায় পড়বেন।
আরও পড়ুন :
মামলা থেকে নাম কাটাতে কোটি টাকা দাবির অভিযোগ সাকিবের
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বলেছে, ফিফা বিশ্বকাপকে সফলভাবে আয়োজন করতে তারা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব মোরাহ নামদার বলেন, “ইতিহাসের সবচেয়ে বড় ও সফল বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।”
আরও পড়ুন :
মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়
এদিকে যুক্তরাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তকে বিশ্বকাপ আয়োজন ঘিরে কূটনৈতিক ও প্রশাসনিক সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এতে বিভিন্ন দেশের সমর্থকদের অংশগ্রহণ সহজ হবে এবং টুর্নামেন্টে দর্শক উপস্থিতি বাড়তে পারে।
বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট সুবিধা এবং ‘ফিফা পাস’ ব্যবস্থার মতো উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাফিজ/ আয়না নিউজ