লালমনিরহাটের হাতীবান্ধায় আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে সীমান্তের বনচৌকি এলাকার নিকটবর্তী পিলার ৯০৫/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সীমান্ত সংশ্লিষ্ট সূত্র।
নিহত খাদেমুল ওই উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্তের কাছাকাছি এলাকায় গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তার সহযোগীরা তাকে দ্রুত সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেশীদের দাবি, খাদেমুল মাছ ধরতে নদীর পাড়ে গিয়েছিলেন। এ সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে তারা অভিযোগ করেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিজিবি
ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
হাফিজ/ আয়না নিউজ