সাতক্ষীরা প্রতিনিধি: সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং বর্জন করেছেন জেলার কর্মরত মূলধারার প্রায় ৬০ জন সাংবাদিক। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই ব্রিফিংকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই সাংবাদিকদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় উত্তেজনা তৈরি হয়। অনেক সাংবাদিককে দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ ওঠে।
সাংবাদিকদের দাবি, সম্মেলন কক্ষে প্রকৃত সাংবাদিকদের তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ও অপ্রাতিষ্ঠানিক ব্যক্তিদের উপস্থিতি বেশি ছিল। এতে পেশাদার সাংবাদিকরা আসন সংকটে পড়েন। পরবর্তীতে সাংবাদিকরা ব্রিফিংটি দুই ধাপে আয়োজনের অনুরোধ জানান।
এ সময় জেলা প্রশাসক কাউসার আজিজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “দ্বিতীয়বার প্রোগ্রাম করার সুযোগ নেই, আগে আসলে বসার জায়গা পেতেন।” এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একযোগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবুল কাশেম বলেন, জেলা প্রশাসকের এমন আচরণ সাংবাদিকদের প্রতি অসম্মানজনক। প্রায় ৬০ জন সাংবাদিক এ ঘটনায় প্রেস ব্রিফিং বর্জন করেছেন।
আরেক সাংবাদিক নেতা ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপ্পি বলেন, জেলা প্রশাসক নিজেই নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পরে অনুষ্ঠানে উপস্থিত হন, অথচ সাংবাদিকদের দোষারোপ করেন—যা অনভিপ্রেত।
সাংবাদিক নেতারা আরও বলেন, একটি সরকারি গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জন্য ন্যূনতম সম্মান ও বসার পরিবেশ নিশ্চিত করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
ঘটনার পর সাংবাদিকরা সম্মেলন কক্ষ ত্যাগ করলে প্রেস ব্রিফিংটি কার্যত ভেস্তে যায়।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ