লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসীর বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে নিজ ভূখণ্ডে ফিরে যায়।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩-এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েকটি গরু ঘাস খাচ্ছিলো। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা সংঘবদ্ধভাবে প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা সরে যেতে বাধ্য হয়।
ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত হয়।
জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি হয়। পরে বিজিবি এসে পরিস্থিতি স্বাভাবিক করে।’
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হাফিজ/ আয়না নিউজ