| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত লাখ টাকা মুক্তিপণে ফিরলেন ১৮ জেলে, নিখোঁজ আরও ২ জন

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 138223 বার পঠিত
সাত লাখ টাকা মুক্তিপণে ফিরলেন ১৮ জেলে, নিখোঁজ আরও ২ জন

সাত লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর সুন্দরবনের জলদস্যুদের জিম্মিদশা থেকে ২০ জন জেলে ও মৌয়ালের মধ্যে ১৮ জন বাড়ি ফিরেছেন। সোমবার বিকেল পর্যন্ত ধাপে ধাপে তারা নিজ নিজ এলাকায় পৌঁছান। তবে এখনও দুই জেলে নিখোঁজ থাকায় তাদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ফিরে আসা জেলে ও মৌয়ালদের ভাষ্য অনুযায়ী, গত ৪ ও ৫ মে ‘আলিফ ওরফে আলিম বাহিনী’ এবং ‘নানাভাই/ডন বাহিনী’ পরিচয়ে অস্ত্রধারী দস্যুরা সাতক্ষীরা রেঞ্জের অন্তর্গত সুন্দরবন এলাকার চুনকুড়ি নদীর গোয়াল বুনিয়া দুনের মুখ, ধানোখালীর খাল, মামুন্দো নদীর মাধভাঙা খাল এবং মালঞ্চ নদীর চালতে বেড়ের খাল থেকে ২০ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তাদের পরিবার ও মহাজনদের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

পরিবার ও মহাজনদের সঙ্গে দস্যুদের দর-কষাকষির পর কিছু টাকা কমিয়ে নির্ধারিত বিকাশ নম্বরে মুক্তিপণ পাঠানো হয়। এরপর একে একে ১৮ জনকে মুক্তি দেওয়া হয়।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেদের মধ্যে রয়েছেন মুরশিদ আলম (৭০ হাজার টাকা), করিম শেখ (১ লাখ ২০ হাজার), আবু ইসা (৫৫ হাজার), মমিন ফকির (৪৫ হাজার), আল-আমিন (২৫ হাজার), আবুল বাসার বাবু (৩০ হাজার), আবুল কালাম (৩০ হাজার), শাহাজান গাজী (৪০ হাজার), সিরাজ গাজী (৪০ হাজার), রবিউল ইসলাম বাবু (২০ হাজার), সঞ্জয় (২০ হাজার), আল-মামুন (২০ হাজার), হুমায়ুন (২০ হাজার), মনিরুল মোল্লা (২০ হাজার), রবিউল ইসলাম (২০ হাজার), হৃদয় মন্ডল (২০ হাজার), আব্দুল সালাম (৪০ হাজার) ও ইব্রাহিম গাজী (৫৫ হাজার)।

তবে শুকুর আলী গাজী ও রেজাউল করিম নামে দুই জেলের পরিবারের দাবি, ৩০ হাজার টাকা করে মুক্তিপণ পাঠানো হলেও তারা এখনও বাড়ি ফেরেননি।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, “জলদস্যু দমনে কোস্টগার্ডের সঙ্গে যৌথ অভিযান চলমান রয়েছে। তবে অপহৃতদের পরিবার বা সহযোগীদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় অভিযান কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে।”

এদিকে মুক্তি পাওয়া জেলে ও তাদের পরিবার দ্রুত দস্যুদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সুন্দরবনে নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪