ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় ঝিনাইদহর তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে নছিমন, করিমন, আলমসাধু, গ্রাম বাংলা, অটোটেম্পু ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ সব ধরনের ধীরগতির ও অবৈধ যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে হাইওয়ে পুলিশ।
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আরাপপুর হাইওয়ে থানা এ জরুরি ঘোষণা দেয়। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে চালকদের সতর্ক করা হচ্ছে।
ঘোষণায় বলা হয়, অদ্য হতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা, ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এসব যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যানবাহন জব্দ বা বাজেয়াপ্ত করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এসব ধীরগতির যানবাহন মহাসড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি ও যানজট বেড়ে গিয়েছিল। বিশেষ করে ব্যস্ত সড়কগুলোতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। ফলে হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহানুর আলী জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। চালকদের আগেই সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। তিনি বলেন, “অবৈধ যানবাহন বন্ধ করা গেলে সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ