পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউটে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ভূগোল এবং অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
১৯৯০ সালে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দীন সরকার কলেজটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
সরকার পরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষ অনার্স কোর্স চালুর জন্য আবেদন করে। ২০২৫ সালের এপ্রিল মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলেজটি পরিদর্শন করেন। এর ধারাবাহিকতায় গত ১০ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেয়।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মজিদ বলেন, পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ প্রতিষ্ঠানে দীর্ঘ প্রতীক্ষার পর অনার্স কোর্স চালু হলো। শিগগিরই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর ফলে এলাকার অনগ্রসর, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ