সন্তানের সাফল্যের পেছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েরা আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন বলেও জানান তিনি।
রোববার (১০ মে) আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন।
এসময় বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সব মায়ের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
মির্জা ফখরুল বলেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। একজন সুমাতার সান্নিধ্যে সন্তানের উৎকর্ষ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন মা।
তিনি আরও বলেন, মাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা কোনো দিনক্ষণ প্রয়োজন না হলেও ভালোবাসা ও সম্মান প্রকাশের ক্ষেত্রে মা দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে।
বাণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–র অবদানের কথাও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, নারী সমাজের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আর্থিক ও সামাজিক উন্নয়নেও তার ভূমিকা ‘কিংবদন্তিতুল্য’।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দায়িত্ব থেকে বিচ্যুত হননি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ কারণেই তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ‘গণতন্ত্রের মা’ হিসেবে শ্রদ্ধেয় হয়ে আছেন।
দেশবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সবাই যেন মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করেন। কারণ, সন্তানদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।