চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন চেয়ে করা রুল খারিজ করে এ আদেশ দেন।
তবে তার বিরুদ্ধে থাকা আরও চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে হত্যাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর এ রুল জারি করেছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান চিন্ময় কৃষ্ণ দাস। পরে তার বিরুদ্ধে থাকা আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন নামঞ্জুর হলে অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
হাফিজ/ আয়না নিউজ