‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১০ মে) সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত চারদিন ব্যাপী পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেড অনুষ্ঠানের যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন। আজ থেকে শুরু হওয়া এ পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ১৩ মে পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবারের পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দিয়েছেন। এয়োদশ সংসদ নির্বাচনে সরকার গঠনের পর এটাই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।
আরও পড়ুন-
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পেশাদার ভূমিকা জরুরি: প্রধানমন্ত্রী
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, পুলিশ অতিরিক্ত আইজিগণ, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
এফ এ/আয়না