ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান একইসঙ্গে কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে লক্ষ্য করে যেন কোনো ধরনের ক্ষতি না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহবান জানান তিনি।
শনিবার (৯ মে) জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে ভারতসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ভারতের সব ধর্মের মানুষের সমান ধর্মীয় ও নাগরিক অধিকার থাকা উচিত। পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো স্থানে নিরীহ মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটলে জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে অবস্থান নেবে বলেও জানান তিনি।
পুশইন, সীমান্ত হত্যা ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং আরও যাচাই-বাছাই করা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে দলীয় অবস্থান জনগণ দেখতে পাবে।
তিনি বলেন, কোনো অন্যায়ের ব্যাপারে তারা নীরব থাকবেন না। প্রতিবেশী দেশের প্রতি সম্মান বজায় রাখলেও বাংলাদেশকে অপমান করা হোক, সেটি তারা চান না।
তিনি আরও বলেন, মজলুম যেখানে আছে, আমরা সবসময় মজলুমের পক্ষেই থাকবো।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচনের তিন মাস পরেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াই নয়, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকার অতিরিক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, রাজনৈতিক অবস্থান শক্ত করার চেয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
এদিকে গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
হাফিজ/ আয়না নিউজ