দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকা নেয়নি বা অপুষ্টিতে ভুগছে, তাদের ঝুঁকি বেশি। হাসপাতালগুলোতে জ্বর, শরীরে লালচে দানা ও শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত শিশুদের ভিড়ও বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আটজনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৯২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন।
নির্ধারিত এই সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এ অবস্থায় অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি আক্রান্ত শিশুকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর বা শরীরে দানা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ