ঢাকার দোহার উপজেলায় ভয়াবহ আগুনে তিন সন্তানকে নিরাপদে বের করে দিয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই আবদুস সালাম শিকদারের টিন ও কাঠের তৈরি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দম্পতি প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
এ সময় সাহসিকতার সঙ্গে তারা নিজেদের তিন সন্তানকে ঘরের জানালা দিয়ে বাইরে বের করে দেন। সন্তানরা নিরাপদে বের হতে পারলেও দম্পতি আর বের হতে পারেননি। আগুনের তীব্রতায় ঘরের ভেতরেই আটকে পড়ে তারা মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা তদন্ত করে দেখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ