| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরদেহ দেখে কান্না থামছে না বৃষ্টির মায়ের

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143476 বার পঠিত
মরদেহ দেখে কান্না থামছে না বৃষ্টির মায়ের

নাহিদা সুলতানা বৃষ্টি পিএইচডি ডিগ্রি অর্জন করে উচ্চশিক্ষিত হয়ে একদিন দেশে ফিরবেন এ স্বপ্নে বিভোর বাবা–মা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসিমুখে বিদায় দিয়েছিলেন। আজ একই বিমানবন্দর থেকে সেই বৃষ্টির কফিনবন্দি নিথর মরদেহ গ্রহণ করতে হলো তাদের। জীবন্ত, স্বপ্নবাজ সেই মেয়েটি নিজের বাড়িতে ফিরছে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে।

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার (৯ মে) বিশেষায়িত সরকারি অ্যাম্বুলেন্সে করে সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে গ্রামের বাড়ির পথে রওনা দেয়।

অরল্যান্ডোর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এরপর দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইট টি ঢাকায় শনিবার সকাল ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন।বৃষ্টির মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার মা–বাবাসহ পরিবারের সদস্যরা। বৃষ্টির পারিবারিক সূত্রে জানা যায়,মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে বৃষ্টিকে তার দাদা–দাদির কবরের পাশে দাফন করা হবে।

আরও পড়ুন-

দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ

কফিন গ্রহণের পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় বৃষ্টির মায়ের আহাজারি থামছিল না তিনি বারবার কাঁদতে কাঁদতে মেয়ের নাম ধরে ডাকছিলেন। অনেকে কফিন ছুঁয়ে শেষবারের মতো বিদায় জানায় তাকে। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর এলাকা থেকে বের হওয়ার সময় পরিবারের সদস্যদের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে–০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে–০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছে। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


 এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪