ইসরায়েলের হামলায় লেবাননে নিহত প্রবাসী দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন জানান, দিপালী আক্তার উপজেলার চর শালেপুর গ্রামের মুকা শেখের মেয়ে। জীবিকার তাগিদে তিনি লেবাননে গিয়েছিলেন। গত ৮ এপ্রিল দেশটিতে বোমা হামলায় তিনি নিহত হন।
প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। পরদিন শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে প্রশাসন।
হাফিজ/ আয়না নিউজ