বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দরের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে, কার্গো ফ্যাসিলিটি এবং পাইলট ট্রেনিং একাডেমি স্থাপনের উদ্যোগও নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। পাশাপাশি কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান। মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে।”
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কৃষি ও শিল্পপণ্যের দ্রুত পরিবহন এবং রপ্তানিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাফিজ/ আয়না নিউজ