| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. মো. ইস্রাফীল

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 147078 বার পঠিত
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. মো. ইস্রাফীল

মো. সুজন আলী, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল। বুধবার (৬ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. ইস্রাফীল, অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে ঘটবে, তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অধ্যাপক ড. ইস্রাফিল বাংলাদেশের একজন প্রথিতযশা থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক। তিনি ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন অধ্যাপক ড. ইস্রাফিল। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে বিভিন্ন কর্মশালা, গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।

সুজন আলী/হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪