| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাচার কালে ২৬টি স্বর্ণের বার উদ্ধার

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 147056 বার পঠিত
পাচার কালে ২৬টি স্বর্ণের বার উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টায় যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।  

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ঘটনায় শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে  রনি (৩৬), চৌগাছার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)কে প্রাইভেট কারসহ আটক করা হয়।  

আরও পড়ুন- 

জরুরি উন্নয়নকাজে ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটককৃতরা। অভিযানে স্বর্ণের বার ছাড়াও একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। গাড়ি, মোবাইল ও নগদ অর্থসহ মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ায় পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪