যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নওয়াপাড়া পীর বাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তাকে বাসা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় ফের বাকবিতণ্ডার একপর্যায়ে শাহ মাহমুদ সঙ্গে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ