খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাংগঠনিক কাজে বের হয়ে ইসলামপুর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
হাফিজ/ আয়না নিউজ