| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তরবর্তীকালীন সরকারের দায়েরকৃত মামলা পুনঃবিবেচনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 147250 বার পঠিত
অন্তরবর্তীকালীন সরকারের দায়েরকৃত মামলা পুনঃবিবেচনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করে প্রকৃত আসামি শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে। এর মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাও রয়েছে। এসব মামলার সঠিক চিত্র জানতে জেলা প্রশাসকদের কাছে জেলাওয়ারি তালিকা চাওয়া হয়েছে।

তিনি জানান, কিছু মামলায় একসঙ্গে হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাই তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের শনাক্ত করা হবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের অব্যাহতির সুপারিশ করা হবে। তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এসব মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মামলার তথ্য পাঠানোর সময়সীমা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের ‘যথাশিগগির’ তথ্য পাঠাতে বলা হয়েছে। মৌখিকভাবে সর্বোচ্চ এক মাস সময় নির্ধারণ করা হয়েছে। তবে কোনো কারণে বিলম্ব হলে ন্যায়বিচারের স্বার্থে তা বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি আইনগত কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন করা হবে, যাতে বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ থাকে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪