লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নতুন বাজার–মহিলা কলেজ সড়কে ড্রেন নির্মাণ কাজ এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। বেহাল সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, পথচারীরাও চলাচল করতে পারছেন না।
রায়পুর পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়ক পর্যন্ত প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা এবং উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত ১৬ কোটি ৫৭ লাখ টাকার ড্রেন নির্মাণ কাজ চলছে।
কিন্তু নির্মাণকাজের জন্য খনন করে তোলা মাটি সড়কের পাশেই ফেলে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে যাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।ফলে সামান্য বৃষ্টিতেই পুরো বাজারজুড়ে জমে থাকছে পানি, সৃষ্টি হচ্ছে কাদার স্তূপ। বর্তমানে সড়কটি দেখলে মনে হয় যেন হাল চষা জমি। কোথাও বড় বড় গর্ত, কোথাও জমে আছে নোংরা পানি, আবার কোথাও থিকথিকে কাদা।যানবাহন চলাচলের সময় কাদাপানি ছিটে পড়ছে পথচারীদের গায়ে, এমনকি আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও। এতে বাজারে ক্রেতা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
পথচারী ও স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কাজ শুরু হলেও সঠিক তদারকি ও পরিকল্পনার অভাবে এ দুর্ভোগ তৈরি হয়েছে। তারা দ্রুত খননকৃত মাটি অপসারণ এবং কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় সড়কের পাশে মাটি রাখা হয়েছে। বর্ষার কারণে জনদুর্ভোগ বেড়েছে। আমরা ঠিকাদারের মাধ্যমে দ্রুত মাটি সরিয়ে কাজ শেষ করে দুর্ভোগ কমানোর চেষ্টা করছি।
মেহেদী/ হাফিজ/ আয়না নিউজ