ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে জাল নোট কারবারিদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, “জাল নোট ছড়ানো রোধে কারা এ কাজে জড়িত, তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে।”
তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। গত কয়েক দিনে তালিকাভুক্ত ও অচিহ্নিত বেশ কয়েকজন চাঁদাবাজকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো চাঁদাবাজকে আইনের আওতায় আনা হবে।
পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাট ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি গাবতলী হাট ও আশপাশের এলাকায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, হাটকেন্দ্রিক যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
হাফিজ/ আয়না নিউজ