২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত কথিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার জামিন আবেদন শুনানির সময় এই আগ্রহের বিষয়টি আদালতে উপস্থাপন করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার তথ্য অনুযায়ী, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনায় গত বছরের ৫ মে জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তিনি দ্বিতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আবদুল জলিল মণ্ডল পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন।
এদিকে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সম্প্রতি দাবি করেছেন, শাপলা চত্বরের ওই ঘটনায় অন্তত ৫৮ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। মামলার কার্যক্রম বর্তমানে বিচারাধীন রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ