| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 147855 বার পঠিত
চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভুক্তভোগী আমানতকারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তাদের জমা রাখা অর্থ উত্তোলন করতে পারছেন না। ফলে দৈনন্দিন জীবনযাপন, ব্যবসা পরিচালনা এবং পারিবারিক খরচ নির্বাহে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সামনে ঈদুল আজহা থাকায় কোরবানির প্রস্তুতিও অনিশ্চয়তায় পড়েছে বলে জানান অনেকে।

এ সময় তারা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’—এমন বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসফেরত এক গ্রাহক বলেন, “২৫ বছর বিদেশে কষ্ট করে উপার্জন করা টাকা ব্যাংকে জমা রেখেছি। এখন প্রয়োজনের সময় সেই টাকা পাচ্ছি না। অল্প অল্প করে দেওয়া হচ্ছে, যা দিয়ে কোনো কাজই হচ্ছে না। আমরা আমাদের সম্পূর্ণ টাকা ফেরত চাই।”

আন্দোলনকারীরা বলেন, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংককে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, তারল্য সংকট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ ইস্যুতে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকাতেও আমানতকারীরা বিক্ষোভ এবং ব্যাংক শাখায় তালা দেওয়ার কর্মসূচি পালন করে আসছেন।

এদিকে, বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান, এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪