| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ‘স্মৃতিশক্তি নেই’ দাবি আইনজীবীর

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 147883 বার পঠিত
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ‘স্মৃতিশক্তি নেই’ দাবি আইনজীবীর

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় পলাতক থাকায় এই পরোয়ানা জারি করা হয়।

জানা গেছে, গত ১৯ এপ্রিল ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ পরোয়ানা জারি করেন। মঙ্গলবার (৫ মে) মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিলো।

শুনানিতে তোফায়েল আহমেদের পক্ষে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতকে জানান, তিনি গুরুতর অসুস্থ এবং বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

আইনজীবীর দাবি, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না এবং তার স্মৃতিশক্তি প্রায় লোপ পেয়েছে। ফলে তিনি আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে সক্ষম নন।

আইনজীবী তার মানসিক অবস্থা পরীক্ষার জন্য আবেদন জানান এবং অভিযোগ গঠনের শুনানি পেছানোর অনুরোধ করেন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ আবেদনের বিরোধিতা করা হয়। তাদের যুক্তি, পলাতক অবস্থায় এমন আবেদন গ্রহণযোগ্য নয় এবং আসামিকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে তোফায়েল আহমেদের আবেদন নামঞ্জুর করেন এবং আগামী ৭ মে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক পরিদর্শক এই মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ সহযোগীদের সহায়তায় অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেন। এ ঘটনায় ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষকসহ মোট তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

দীর্ঘদিন হাইকোর্টের স্থগিতাদেশে মামলার কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি তা প্রত্যাহার হওয়ায় বিচার প্রক্রিয়া আবার শুরু হয়েছে। মামলার অপর এক আসামি মোশারফ হোসেন আজ আদালতে হাজিরা দিয়েছেন বলে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪