পরিকল্পনা ও বিচার-বিশ্লেষণ ছাড়া বড় প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। এমনটাই মন্তব্য করলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, বড় প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির ধারণা তৈরি হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দূর করতে হবে।
মঙ্গলবার (৫ মে) এই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করেন।
মন্ত্রী বলেন, অতীতের মতো কেবল বড় আকারের মেগা প্রকল্প নয়, বরং যেসব প্রকল্প বাস্তবায়িত হলে জনগণ সরাসরি উপকৃত হবে, সেগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও জানান, প্রকল্পের সুফল যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে তা সততা ও দক্ষতার উদাহরণ হয়ে থাকে।
প্রসঙ্গত, প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো এবং পার্শ্ববর্তী এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ