গত বছরের তুলনায় দেশের সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার কারণে সীমান্ত নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অপরাধ দমনে বড় ধরনের সাফল্য দেখিয়েছে।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় সীমান্তে অপরাধীদের গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযানও ৪০ শতাংশ বেড়েছে।
সীমান্তে জ্বালানি পাচার রোধে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ১ লাখ লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল পাচার ঠেকানো সম্ভব হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি সাফল্য। পাশাপাশি মানবপাচার প্রতিরোধেও ২৫ শতাংশ উন্নতি হয়েছে বলে তিনি জানান।
দেশের চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়েও তিনি তথ্য দেন। ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি জানান, ২৬ এপ্রিল দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট এবং ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ওইদিন ময়মনসিংহ জোনে সর্বোচ্চ তিন ঘণ্টা লোডশেডিং হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হলে প্রাথমিক পরীক্ষার পর আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ধাপে ধাপে ২০২৭ সালের মধ্যে দ্বিতীয় ইউনিট চালু হলে মোট ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের প্রায় ১০ শতাংশ চাহিদা পূরণ করবে।
এছাড়া বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে এবং আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল ৩০ এপ্রিলের মধ্যে দেশে পৌঁছাবে বলেও তিনি জানান। অন্যান্য জ্বালানি তেলের মজুতও পর্যাপ্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হাফিজ/ আয়না নিউজ