| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবেশপত্র না পেয়ে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 177387 বার পঠিত
প্রবেশপত্র না পেয়ে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার আগের রাত পর্যন্ত প্রবেশপত্র হাতে না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। 

সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

জানা গেছে, গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী সোমবার রাত পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েন। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ চলার পর রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত প্রবেশপত্র পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থীও সোমবার বিকেল পর্যন্ত প্রবেশপত্র পাননি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে, জেলার ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে গুরুতর ত্রুটি ধরা পড়েছে। কারও বিভাগ ভুল, কারও ছবির স্থানে অন্যের ছবি, আবার কারও বাবা-মায়ের নাম ভুলভাবে উল্লেখ রয়েছে। এসব ত্রুটি সংশোধনের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবার হাতে সঠিক প্রবেশপত্র পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

পরীক্ষার্থীরা জানিয়েছেন, পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রবেশপত্র না পাওয়ায় তারা চরম মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪