নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশে খবর দেন।
নিহতরা হলেন, হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার। একই পরিবারের চারজনের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করেছে।
হাফিজ/ আয়না নিউজ