সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ইব্রাহিম গাজী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের বাসিন্দা।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ বিকেলে কুশোডাঙ্গা গ্রামের ওই শিশু ইফতারের বাসন ধুয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ইব্রাহিম গাজী তাকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পর শিশুটির নানি বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সেকেন্দার আলী ২০২৫ সালের ১৯ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০২৬ সালের ৭ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন।
মামলায় মোট ৯ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০২৫ সালে সরকার গঠিত ‘বিশেষ শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল’-এর অধীনে এটি সাতক্ষীরায় প্রথম রায়, যা দ্রুততম সময়ে নিষ্পত্তি হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শেখ আলমগীর আশরাফ বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই বিচার সম্পন্ন হওয়া বিচারপ্রার্থীবদের জন্য একটি মাইলফলক। আমরা ন্যায়বিচার পেয়েছি।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ