| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্রিগেডিয়ার আসাদুজ্জামানকে সাতক্ষীরাবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 248 বার পঠিত
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্রিগেডিয়ার আসাদুজ্জামানকে সাতক্ষীরাবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

আব্দুল মোমিন, সাতক্ষীরা : চিকিৎসাবিদ্যায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। এ অর্জনে সাতক্ষীরা জেলায় বইছে আনন্দ ও গর্বের অনুভূতি।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের কৃতি সন্তান। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু তালেব মোড়লের কনিষ্ঠ পুত্র। জাতীয় পর্যায়ে এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি নিজ জন্মভূমির সুনাম আরও উজ্জ্বল করেছেন।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকারপ্রধান পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি চিকিৎসা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে হাসপাতালটির ৪২টি বিভাগ ও প্রায় ২,৬০০ শয্যার অবকাঠামো রয়েছে। প্রতিদিন হাজারো রোগী এখানে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

তিনি আরও জানান, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, বিভিন্ন জাতীয় সংকট, কোভিড-১৯ মহামারি এবং সাম্প্রতিক সময়েও হাসপাতালটি মানবসেবায় অগ্রণী ভূমিকা রেখেছে।

এদিকে, ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের এ অর্জনে সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনী গ্রামসহ পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান বলেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তার নিষ্ঠা ও পরিশ্রম তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

স্থানীয়রা মনে করছেন, জাতীয় পর্যায়ে এমন সম্মান অর্জনের মাধ্যমে সাতক্ষীরার সুনাম আরও বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের সাফল্য অর্জনে নতুন প্রজন্ম উৎসাহিত হবে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪