রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির চাকা হঠাৎ ব্লাস্ট হয়। ফলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসের সামনের সারিতে বসা শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হন এবং একটি মাইক্রোবাসের সঙ্গেও সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের হলি ফ্যামিলি, ইনসাফ বারাকাহ এবং শমরিতা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নেতারা ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে উপস্থিত রয়েছেন। ডাকসুর একাধিক নেতা জানিয়েছেন, আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় সহপাঠী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ