রাজধানীর কোতোয়ালি এলাকায় শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টায় কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ রাসেল বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
রাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাসেলকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন রাসেলের বন্ধু রিপন দাস।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।