বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথের এমভি ইমাম হাসান-৫ লঞ্চ মাত্র চারজন যাত্রী নিয়ে বসিলা ঘাট থেকে ছেড়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় লঞ্চটি শরিয়তপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে লঞ্চটির কর্তৃপক্ষের দায়িত্বে থাকা হাসান আহমেদ। তিনি বলেন,আমরা আজকে যাত্রা শুরু করেছি আমরা চাই লঞ্চ চলুক আশা করছি যাত্রী পাবো। প্রচারণা থাকলে আরো যাত্রী হতো। ব্যাপক প্রচারণা চালানো দরকার ছিল।
বিআইডব্লিউটিএ পরিদর্শক মামুনুর রশীদ ঈদ উপলক্ষ্যে এই ঘাটটি দেওয়া হয়েছে জানিয়ে বলেন,মোহাম্মদপুর, সাভার, মিরপুর, গাবতলী, আগারগাঁওয়ের যাত্রীরা এই ঘাট থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবে। সরকারের নির্ধারিত ভাড়ার চেয়েও ঈদ উপলক্ষ্যে এখানে ভাড়া কমানো হয়েছে।
ঈদ উপলক্ষ্যে এই ঘাটটি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পার্মানেন্ট থাকবে কিনা এটা এখনও বলা যাচ্ছে না। এখানে যাত্রী কম হলেও সদরঘাট থেকে যাত্রী পাওয়া যাবে। প্রচার, প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া বা মোবাইলে মেসেজ করলে আরো ভালো হতো।
বসিলা ঘাটে যাত্রীদের তুলনায় দর্শক বেশি। প্রথম দিনের যাত্রীর সংখ্যা তুলনামূলক ভাবে কম। লঞ্চ দেখতে আসা শারমিন আক্তার বলেন, আমরা দেখতে এসেছি লালমোহন রুটে লঞ্চ আছে কিনা।