পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে পরিবারের জন্য বরাদ্দ ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে জনপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছেন জেলেরা। স্থানীয় যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল ঘটনাস্থলে এসে জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদ জানালে পরিস্থিতি শান্ত হয় এবং কোনো টাকা আদায় ছাড়াই জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে নদীতে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আমড়াগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৬০ জন জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়নের প্রশাসক মো. তরিকুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় চাল বিতরণের আগে জেলেদের কাছ থেকে মাথাপিছু ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠলে সেখানে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। চাল নিতে গিয়ে জেলেরা জানতে পারেন তাদের প্রত্যেককে ১০০ টাকা করে দিতে হবে। অন্যথায় টাকা না দিলে ৮০ কেজির বদলে ৭০ কেজি চাল দেওয়া হবে।
মঠবাড়িয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম হাওলাদার জানিয়েছেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান ও তার পরিষদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এ বছর নতুন প্রশাসকের মাধ্যেমে সরকারি নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে জেলেদের ৮০ কেজি করে চাল বুঝিয়ে দেওয়া হবে।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, পরিবহন খরচ বাবদ ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছিল,পরবর্তীতে জেলেরা প্রতিবাদ জানালে সরকারি নীতিমালা অনুযায়ী তা বিতরণ করা হয়।