জামালপুর শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার তানিয়ার স্বজনরা জানান, তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে তাহমিনা আক্তার তানিয়াকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে বিছানায় লাশ রেখে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়।
এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত হোসেন তাইফুরকে আটক করা হয়। দম্পতির দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় তারা তাদের নানাবাড়িতে অবস্থান করছিল বলে জানা গেছে।
জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।